নিজস্ব প্রতিবেদক
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন।
বুধবার (৩০ মার্চ) আগারগাঁওয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য রফতানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু-দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. শহীদুজ্জামান সরকার বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সব সময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এ সময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। সাক্ষাতের সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply