বাহারাইন থেকে জহিরুল ইসলাম রাজু
মানামা, বাহরাইন, ৪ সেপ্টেম্বর ২০২৫
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, হামদ-নাত এবং আলোচনা সভার মাধ্যমে শুরু হয়। আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও কর্মমালা তুলে ধরেন।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রেরণা। তিনি সমাজ থেকে অন্ধকার দূর করে সত্য, ন্যায় ও কল্যাণের পথে মানুষকে পরিচালিত করেছেন। তাঁর শিক্ষা ও আদর্শ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, দুর্নীতি, অবিচার, শোষণ ও কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করে আলোর পথে এনেছিলেন প্রিয়নবী (সা.)। তাই তাঁর জীবনাদর্শ আজও মানবতার মুক্তির দিশারী।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা নবী করিম (সা.)-এর শিক্ষা ও আদর্শ থেকে প্রেরণা নিয়ে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখবেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
Leave a Reply