মানিকগঞ্জ প্রতিনিধি:
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে স্থানীয় কৃষকদের উদ্যোগে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। চালা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বিল্টু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খেলায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান। খেলার উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলমাস মিয়া, উপজেলা যুবদলের সদস্য শিমুল কাজী, উপজেলা কৃষকদল নেতা আব্দুর রাজ্জাক এবং বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিরাজ হোসেন।
এ ছাড়া স্থানীয় সমাজসেবক রফিক দরবেশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে হবে এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকদের উদ্যোগে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতা গ্রামীণ ঐতিহ্য ও দেশীয় খেলাধুলার প্রসারেও ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।