তাহের আহমেদ — জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদ্যাপন করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পূজাকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বিজয় সিংহ, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি পীযূষ কান্তি তালুকদার, পূজা উদ্যাপন পরিষদের জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার রায় এবং দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক সঞ্জীব দাস, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ সায়েম খান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার এবং জামালগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ বিন ফরিদ মুসাসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমদ ও সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
ব্রেস্টফিডিং ও ওয়েটিং রুমের উদ্বোধন
অন্যদিকে, জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্রেস্টফিডিং রুম ও ওয়েটিং রুমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের পরিকল্পনা ও বাস্তবায়নে এসব কক্ষ স্থাপন করা হয়।
নতুন এ কক্ষগুলো উপজেলা পরিষদে সেবা নিতে আসা মা ও শিশুদের পাশাপাশি অপেক্ষমাণ মানুষের জন্য সুবিধা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।