1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা,,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গরঝিরি এলাকায় ভূমিবিরোধকে কেন্দ্র করে আবারও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলাম ও স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক ঘর ভাঙচুরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিরোধপূর্ণ জমিতে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন পুনরায় জুমঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। তবে গত ২৩ নভেম্বর ফৌজিয়া ইসলামের লোকজন ওই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের চারটি জুমঘর ভেঙে দেয় এবং একটি ঘরের চালের টিন খুলে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ফৌজিয়া ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফিরোজ অভিযোগ করে বলেন, ২০২৪ সালে সরই টঙ্গর ঝিরি এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর তৎকালীন পার্বত্য উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর দীর্ঘদিন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সম্প্রতি আবারও ভূমিবিরোধকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা—আজম, আরমান, আবুল কালাম, মহরম আলী, হায়দার আলী, মোহাম্মদ জয়নাল ও আব্দুল মালেকসহ আরও কয়েকজন ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বাড়ছে বলে দাবি করেন তিনি।
এদিকে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ  শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে সরই ইউনিয়নের টংগঝিরি ও নতুন তংগঝিরি/বেতছড়া এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় ১৬ থেকে ১৭টি বসতঘর পুড়ে যায়। সে সময় জমি দখল ও বিরোধের অভিযোগও সামনে আসে। একই বছরের ৩ ডিসেম্বর সরই ইউনিয়নের কয়েকটি পাড়ার বাসিন্দারা সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ভূমি জবরদখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
পুরোনো ভূমিবিরোধের জেরে নতুন করে ঘর ভাঙচুরের অভিযোগ ওঠায় টঙ্গরঝিরি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বিরোধের নিরপেক্ষ তদন্ত, জমির সঠিক সীমানা নির্ধারণ এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..