কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার দুইজন এবং রিমান্ড শেষে আদালতে পাঠানো তিনজন রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে ছয়টি পৃথক ওয়ারেন্ট ছিল। এর মধ্যে জিআর মামলার তিনটি ও সিআর মামলার তিনটি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।
জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন ইসমত আরা ও আব্দুল হামিদ। অন্যদিকে সিআর পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ দুদু মিয়া ও মেকু বড়ুয়া।
এ ছাড়া বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে বেলাল উদ্দিন, খোরশেদ আলম ও জাহিদ হোসেন সুমনকে।
নিয়মিত মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি হলেন উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ফারুক এবং রামুর খুনিয়াপালং এলাকার আজিজ মিয়া।
উখিয়া থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।