বগুড়া ব্যুরো
বগুড়া জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
তিনি বলেন, কন্যাশিশুরা নিজেদের মেধা ও শিক্ষা দিয়ে সর্বক্ষেত্রেই নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। কিন্তু সামাজিক সচেতনতা ও নিরাপত্তার অভাবে তাদের এই বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আইন প্রয়োগের পাশাপাশি ডোর-টু-ডোর মোটিভেশন প্রোগ্রাম ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সমাজ থেকে নির্যাতন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার নারীদের স্বাবলম্বী ও সম্মানিত করতে ফ্যামিলি কার্ডসহ একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারসহ নারীভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে নারীভিত্তিক বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিদের মাঝে চেক হস্তান্তর করা হয়।