ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৮, ১৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে সমাজসেবা বিভাগের উদ্যোগে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সংগ্রহকারীদের হাতে এসব আধুনিক ডিজিটাল ট্যাব তুলে দেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার।
অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, বিভাগীয় সমাজসেবা পরিচালক শামছুন নাহার, উপপরিচালক রাজু আহমেদ ও জেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার জানান, তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ইতিপূর্বে ফ্যামিলি কার্ড নির্দেশিকা এবং খানা তথ্য ভান্ডার প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রাহকদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণ। মাঠকর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে ইনপুট দেবেন। পুরো প্রক্রিয়ার সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অপারেশন সেন্টার (NOC) স্থাপন করা হয়েছে এবং যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে পিএমটি (PMT) পদ্ধতিতে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে নতুন ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের সব যোগ্য নারী পরিবার প্রধানকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।