বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার প্রখ্যাত ‘খলনায়ক’ আহমেদ শরীফ নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি তার অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। তবে হুট করেই যেন তিনি হারিয়ে গেলেন।
বর্তমানে এ অভিনেতা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন। মাঝেমধ্যেই তার দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে স্মৃতিচারণ করেন নিয়মিত, ছবি কিংবা নানা আপডেটও দেন।
ফেসবুকে এবার ভক্তদের নিয়মিত নামাজ পড়ার আহ্বান জানালেন আহমেদ শরীফ। তিনি লিখেছেন, আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান।
এর সঙ্গে তিনি দুটি ছবিও পোস্ট করেন ফেসবুকে। ছবিতে তাকে শুভ্র দাড়ি-গোঁফে জমিদারের মতো ঢঙে দেখা গেছে।
আট শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ। নায়ক হিসেবে অভিষিক্ত হলেও তিনি জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে।
আহমেদ শরীফের প্রথম সিনেমার নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এতে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ সিনেমায়। এটি সুপারডুপার হিট হয়।
Leave a Reply