লামা প্রতিনিধি:
সদ্য বিদায়ী লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় লামা পৌরসভা সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লামা প্রেসক্লাবের সহ-সভাপতি আদহাম বিন ইব্রাহিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন আবেগপ্লুত কণ্ঠে বলেন, “আমি লামায় ১ বছর ৮ মাস ১০ দিন কর্মরত ছিলাম। সরকার আমাকে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন এবং আমি আমার কর্মকালীন সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণের দ্বারে সেবা পৌঁছে দিতে। কাজের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, পাহাড় ধসের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। একই সাথে অতিরিক্ত একাধিক দপ্তর প্রধানের দায়িত্বও সামলাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার দপ্তর সবসময় লামার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কাজ করতে গিয়ে হয়তো ভুল-ত্রুটি হতে পারে। তবে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবীদের সহযোগিতায় আমি সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতার কারণেই একসাথে ৭টি গুরুত্বপূর্ণ দপ্তর সামলানো সম্ভব হয়েছে।”
লামাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “লামার মানুষের থেকে যে ভালোবাসা পেয়েছি তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভালোবাসার সাথে অন্য কিছুর তুলনা হয় না। আমি সারাজীবন লামাবাসীর মঙ্গল কামনা করব।”
মোঃ ওবাইদুল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই সদ্য বিদায়ী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিনের সর্বাঙ্গীন মঙ্গল ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন।